গাইবান্ধার সাদুল্লাপুরে দিনব্যাপী অভিযান চালিয়ে ১৪ মাস বয়সী এক শিশুকন্যাকে উদ্ধার করেছে থানা পুলিশ। শিশুটিকে ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব খামার দশলিয়া গ্রামের রুহুলের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে ওই দিন রাতেই শিশুটিকে সংশ্লিষ্ট সুন্দরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম হাবিবুর রহমান হাবিব জানান, দিনব্যাপী অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির বাবা ৪০ হাজার টাকার বিনিময়ে তাকে অন্যের কাছে দিয়ে দিয়েছেন। শিশুটির মা ও অভিযুক্ত বাবার বাড়ি সুন্দরগঞ্জ উপজেলায় হওয়ায় ঘটনাটির বিস্তারিত তদন্ত করবে সুন্দরগঞ্জ থানা পুলিশ।
শিশুটির মায়ের অভিযোগ, সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের আকবর আলীর ছেলে আজাহার আলীর (৩৮) সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তাঁদের সংসারে তিন সন্তানের জন্ম হয়। স্বামীর জুয়া খেলা, অর্থের জন্য চাপ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যান। পরে স্বামীকে তালাক দেন। এরপরও সাবেক স্বামী তাঁকে মুঠোফোনে গালিগালাজ, হুমকি ও ভয়ভীতি দেখাতেন বলে অভিযোগ করেন তিনি।
শিশুটির মা আরও জানান, গত ১ অক্টোবর তিনি ঢাকায় অবস্থান করার সময় তাঁর সাবেক স্বামী বাবার বাড়ি থেকে ছেলে ও ছোট মেয়েকে দুই-তিন দিনের জন্য নিজের কাছে নিয়ে যান। পরে সন্তানদের ফেরত না দেওয়ায় তিনি সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। তদন্তের একপর্যায়ে ১৪ মাস বয়সী মেয়েটির অবস্থান শনাক্ত হয়। পরে সাদুল্লাপুর থানা পুলিশের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা এবং বিক্রির অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুর রহমান হাবিব।
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ, ১৪ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ
-
সাদুল্যাপুর প্রতিনিধি - Update Time : ০৭:১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- ৬ Time View
Tag :
Popular Post
























