বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া চর্চা বাড়ানো এবং তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের লক্ষ্যে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রিকেট ও ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ২৫ অক্টোবর আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবিজি স্পোর্টস সিটিতে ফ্লাডলাইটের আলোয় শুরু হবে এ আয়োজন।
টুর্নামেন্ট উপলক্ষে শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের বাসভবনে অনুষ্ঠিত হয় ‘ক্যাপ্টেনস মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান। এতে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানে ক্রিকেট ও ফুটবলে অংশগ্রহণকারী ২০টি দলের অধিনায়ক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ফেয়ারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কলার্স এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য ৫ লাখ টাকা পুরস্কার রাখা হয়েছে। ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত ম্যাচগুলোতে শিক্ষার্থীরা নিজেদের ক্রীড়ানৈপুণ্য তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা, দলীয় সংহতি ও পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর সুযোগ পাবেন।
দেশের ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিবেশ তৈরিতে এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বসুন্ধরা কিংসের সাফল্য এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবিজি স্পোর্টস সিটির কার্যক্রমের ধারাবাহিকতায় এ টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলার প্রসারে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান, উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, টি স্পোর্টসের নির্বাহী পরিচালক তাসভির উল ইসলাম, অপারেশন্স ম্যানেজার সালমান হাসান এবং ইকরাম হোসেন রাফি।
অনুষ্ঠানে অংশ নেওয়া অধিনায়কেরা জানান, পেশাদার পরিবেশে নিজেদের দক্ষতা ও প্রতিভা তুলে ধরার সুযোগ তাঁদের জন্য আনন্দ ও গর্বের। তাঁদের মতে, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি শৃঙ্খলা, দলীয় সংহতি ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করবে।
আয়োজকদের প্রত্যাশা, ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া চর্চার পরিবেশ তৈরির পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে উঠে আসার পথ সুগম করবে।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সায়েম সোবহান আনভীরের উদ্যোগে শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬
-
স্পোর্টস রিপোর্টার: - Update Time : ০৭:৪৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- ২৮ Time View
Tag :
Popular Post























