গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে এক গৃহবধূর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বর্ণালংকার, ছাগলসহ বিভিন্ন মালামাল লুট এবং প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একদল অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ফুলবাড়ী গ্রামের আশরাফুল আলম পন্তুর বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি বৃদ্ধ আশরাফুল আলম পন্তুর গলায় অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং তার পুত্রবধূ গৃহবধূ সোমাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের দাবি, হামলাকারীরা বাড়ি থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, দুটি ছাগল ও বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায়। একই সঙ্গে চারটি ঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করা হয়। ভাঙচুরের কারণে বর্তমানে বাড়িটিতে বসবাসের মতো পরিবেশ নেই বলেও দাবি করেছে পরিবারটি।
গৃহবধূ সোমা অভিযোগ করে বলেন, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুরের সময় তিনি বাধা দিলে তাকে লাঠি দিয়ে মারধর করে মাটিতে ফেলে দেওয়া হয়। তার দাবি, দীর্ঘদিন ধরে স্থানীয় লাভলু ও নয়ন মিয়া জমি নিয়ে তাদের পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন। তাদের নির্দেশেই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।
আশরাফুল আলম পন্তু (৮৫) বলেন, প্রায় ১৪ বছর আগে তিনি ছয় শতাংশ জমি কিনে সেখানে বসবাস শুরু করেন। এরপর থেকেই লাভলু ও নয়ন মিয়া ওই জমি নিজেদের দাবি করে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি। হামলার পর তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
স্থানীয় বাসিন্দা হামিদ আলী বলেন, হামলার ঘটনায় চারটি ঘর ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। বর্তমানে সেখানে বসবাসের পরিবেশ নেই। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ ঘটনায় সোমবার (২১ সেপ্টেম্বর) গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ একটি ছাগল উদ্ধার করেছে। সেটি ভুক্তভোগী পরিবারের হলে আইনগত প্রক্রিয়া শেষে তাদের কাছে হস্তান্তর করা হবে।
অভিযোগের বিষয়ে লাভলু ও নয়ন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
গাইবান্ধায় গৃহবধূর বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ
-
রানা আহমেদ, বিশেষ প্রতিনিধি - Update Time : ০৭:৫৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- ৪০ Time View
Tag :
Popular Post























