গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগে ১৩ মাস বয়সী কন্যাশিশু ফাতেমা আক্তার জান্নাতকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।
গ্রেপ্তাররা হলেন—সাদুল্লাপুর উপজেলার সাহারাবাজার (মন্দুয়ার) গ্রামের মো. হামিদুল ইসলাম (৩৩), গাইবান্ধা সদর উপজেলার উত্তর কোমরপুর গ্রামের মো. আব্দুল মজিদ সরকার (৩৬), ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের মোছা. মোর্শেদা খাতুন (৪৫) ও একই গ্রামের মোছা. জেসমিন আক্তার (২৮)।
পুলিশ জানায়, গত ১৭ জুলাই হামিদুল ইসলাম বিস্কুট কিনে দেওয়ার কথা বলে তার ১৩ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তার জান্নাতকে বাড়ি থেকে বাজারে নিয়ে যান। পরে আব্দুল মজিদ সরকার ও মোর্শেদা খাতুনের মধ্যস্থতায় শিশুটিকে জেসমিন আক্তারের কাছে ৩১ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ।
শিশুটিকে ফিরে পেতে তার মা মোছা. রোমানা খাতুন (২২) আদালতে ফৌজদারি কার্যবিধির ১০০ ধারায় আবেদন করেন। পরে আদালতের নির্দেশে গত ২৭ আগস্ট শিশুটির বাবার বিরুদ্ধে তল্লাশি পরোয়ানা জারি করা হয়।
এরই ধারাবাহিকতায় পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালায়। রোববার সকাল ১০টার দিকে সাদুল্লাপুরের সাহারাবাজার মোড় থেকে হামিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট উমরপুর গ্রাম থেকে আব্দুল মজিদ সরকারকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ৮টার দিকে ফুলছড়ির মদনেরপাড়া থেকে মোর্শেদা খাতুনকে গ্রেপ্তার করা হয়। একই সময় জেসমিন আক্তারের হেফাজত থেকে শিশু ফাতেমা আক্তার জান্নাতকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শিশুটিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মায়ের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪
-
গাইবান্ধা প্রতিনিধি - Update Time : ০৬:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- ৩৪ Time View
Tag :
Popular Post























