রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টস প্রতিযোগিতা ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ (জেডএফসি)-এর দ্বিতীয় আসর—‘জেডএফসি ২: প্রাইড অব বাংলাদেশ’। তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) আয়োজনে অনুষ্ঠিত এ আসরে মুয়ে থাই, বক্সিং, মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) ও বাংলাদেশে প্রথমবারের মতো বেয়ার-নাকল বক্সিংয়ের বাউট অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক অভিজ্ঞ ফাইটারদের পাশাপাশি বাংলাদেশের তরুণ ও উদীয়মান যোদ্ধারাও বিভিন্ন বাউটে অংশ নেন। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল গ্লাভস ছাড়া বেয়ার-নাকল বক্সিং। এই বাউটে যুক্তরাষ্ট্রের উইল চপের মুখোমুখি হন ইরানের মোস্তফা আশৌরি। তিন রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে জয় পান উইল চপ।
মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে মালয়েশিয়ার এরওয়ান্ডি কালাইকে হারিয়ে শিরোপা জেতেন বাংলাদেশের মুহাম্মদ রাশেদ। আন্তর্জাতিক আরেক বাউটে ফিলিপাইনের ফিলিপাস রাঙ্গাকে পরাজিত করেন বাংলাদেশের মনজুর আলম।
ডব্লিউএমও এশিয়া মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডের থানাপাত তিথামের বিপক্ষে জয় পান বাংলাদেশের মসজিদুল রেজা ওমিও। জেডএফসি বক্সিং চ্যাম্পিয়নশিপে ইন্দোনেশিয়ার কুন্দিমাংকে হারিয়ে জয় তুলে নেন সুরা কৃষ্ণ চাকমা। তবে বাংলাদেশের সিরাজুল রাব্বিকে পরাজিত করেন সিঙ্গাপুরের শন রাফায়েল সানি।
কমব্যাট স্পোর্টসের এই আয়োজনে দর্শকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। গ্যালারিতে উপস্থিত ছিলেন তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান ও সানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান।
এ ছাড়া দর্শকদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনয়শিল্পী জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলম ও মুসাফির সাঈদ বাচ্চু, পরিচালক কাজল আরেফিন অমি, অভিনেত্রী তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী জেফার রহমান, উপস্থাপক রাফসান শাবাবসহ বিভিন্ন অঙ্গনের তারকারা।
এর আগে চলতি বছরের এপ্রিলে ‘জেডএফসি ১: দ্য টেকওভার’-এর মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্বে যাত্রা শুরু করে জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ। দ্বিতীয় আসরের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টস আয়োজনের পরিসর আরও বিস্তৃত হলো।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা বাংলাদেশের ফাইটারদের পেশাদার পর্যায়ে নিজেদের তুলে ধরার সুযোগ বাড়াবে এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের কমব্যাট স্পোর্টস অ্যাথলেটদের অংশগ্রহণের ক্ষেত্র আরও শক্তিশালী করবে।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশে প্রথম বেয়ার-নাকল বক্সিং, জেডএফসি-২-তে রোমাঞ্চকর লড়াই
-
স্পোর্টস রিপোর্টার - Update Time : ০৭:৩৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- ৩৩ Time View
Tag :
Popular Post























