নানা আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুল হক ছানার নেতৃত্বে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীরা মনসিপাড়ায় জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পুরাতন জেলখানা মোড় চত্বরে অনুষ্ঠিত হয় পথসভা।
এ সময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আমজাদ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক সিনিয়র সহসভাপতি শামীম হোসেন প্রামাণিক, জেলা বিএনপির সদস্য এরশাদ মল্লিক অনু, শহর বিএনপির সদস্য আল মেরাজ, বদরুল আলম বাবু, মোশাররফ হোসেন, রুহুল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় হামিদুল হক ছানা বলেন, ফ্যাসিবাদী দুঃশাসনের অনুকরণে দলের নাম ভাঙিয়ে দখল ও চাঁদাবাজি করতে গিয়ে অনেক দাপুটে নেতা দল থেকে বহিষ্কার হয়েছেন। বিএনপির কেউ গডফাদার সংস্কৃতির প্রবর্তন করতে চাইলে তাদের চিহ্নিত করে দল ও আইনের মুখোমুখি করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের দুর্বৃত্তায়ন মোকাবিলা করা হবে।
তিনি আরও বলেন, প্রায় দুই দশক পর জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকী ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীদের জন্য আনন্দের পাশাপাশি আত্মমূল্যায়নেরও সুযোগ সৃষ্টি করেছে।
এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
হামিদুল হক ছানার নেতৃত্বে গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
-
শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা: - Update Time : ০৮:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- ২২ Time View
Tag :
Popular Post





















