নিজস্ব প্রতিবেদনঃ
গাইবান্ধায় সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণার অভিযোগে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী একযোগে জেলা পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে সাংবাদিকরা অনুমোদনহীন ‘চমক টিভি’ নামের ফেসবুক পেজ থেকে প্রকাশিত বিভিন্ন বিতর্কিত কনটেন্টের বিষয়টি পুলিশ সুপারের নজরে আনেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
এ সময় জেলা পুলিশ সুপার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাথমিক অনুসন্ধানে পেজটির পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে মইনুল হুদা নামে এক ব্যক্তির পরিচয় উঠে এসেছে বলে উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন। একই সঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের দাবি, অতীতেও এই পেজ থেকে বিভিন্ন ব্যক্তি ও গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে। এর মধ্যে এসএ টিভির সাংবাদিক কায়সার প্লাবনকে নিয়েও একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল, যা তিনি ভিত্তিহীন বলে দাবি করেছেন।
সাংবাদিকরা আশা প্রকাশ করেন, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে কাউকে হয়রানি করার প্রবণতা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 









