গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় গাইবান্ধা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) সোহানুর রহমান সোহাগ।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা, শারীরিক সক্ষমতা ও টার্নআউট মূল্যায়ন করেন পুলিশ সুপার। এ সময় চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। পরে তিনি যানবাহন শাখা পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের শৃঙ্খলা, ড্রেসরুলস, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ক্ষিপ্রতা ও জনসাধারণের সঙ্গে উত্তম আচরণের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাব ও প্রাতিষ্ঠানিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার বলেন, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে হবে। একই সঙ্গে সরকারি সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ এবং নিজেদের ও পরিবারের প্রতি দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শ্রেষ্ঠ ওসি নাজমুল ইসলাম
কল্যাণ সভা শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত করা হয়। এছাড়া ভালো কাজের স্বীকৃতি হিসেবে মোট ছয়জন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই অনুষ্ঠানে একজন পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ডি.এম. হাসিবুল বেনজীর, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) সোহানুর রহমান সোহাগসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
গাইবান্ধায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত
-
গাইবান্ধা প্রতিনিধি - Update Time : ০৩:৪৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- ৩১ Time View
Tag :
Popular Post























