দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে রামপুরা খালের ওপর নির্মিত আফতাবনগর-বনশ্রী সংযোগকারী ফুটওভার ব্রিজ উদ্বোধন করা হয়েছে। নতুন এই সংযোগ চালুর ফলে দুই আবাসিক এলাকার বাসিন্দাদের সরাসরি খাল পারাপারের সুযোগ তৈরি হয়েছে। এতে যাতায়াতে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সময় সাশ্রয় হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আফতাবনগরে ফলক উন্মোচনের মাধ্যমে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, রামপুরা খালের দুই পাড়ে অবস্থিত আফতাবনগর ও বনশ্রী এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা দূর করতে এই সংযোগ নির্মাণ করা হয়েছে। এতদিন এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে পথচারীদের খালের পাশ ঘুরে যেতে হতো। এতে অতিরিক্ত সময় ও ভোগান্তি পোহাতে হতো স্থানীয় বাসিন্দাদের।
ব্রিজটি চালু হওয়ায় এখন সরাসরি খাল পার হয়ে দুই এলাকায় যাতায়াত করা যাবে। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ প্রতিদিন চলাচলকারী সাধারণ মানুষের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, আফতাবনগর ও বনশ্রীর বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এ ধরনের একটি সংযোগ স্থাপন। ব্রিজটি নির্মাণের ফলে নাগরিকদের যাতায়াতে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সময় সাশ্রয় হবে।
তিনি বলেন, নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রা সহজ করা এবং জনদুর্ভোগ কমাতে ডিএনসিসি বিভিন্ন ধরনের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে কাজ করছে।
ডিএনসিসি প্রশাসক আরও জানান, রামপুরা খালের ওপর আরও দুটি স্টিল ব্রিজ নির্মাণের কাজ এগিয়ে চলছে। এসব ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচলের সুযোগ থাকবে।
ভবিষ্যতে রাজধানীতে মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হলে প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ বাড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, তখন এসব ব্রিজ বিকল্প যোগাযোগপথ বা বাইপাস রুট হিসেবে ভূমিকা রাখতে পারে।
ডিএনসিসির পরিকল্পনা অনুযায়ী, নতুন সংযোগগুলো চালু হলে রামপুরা-বাড্ডা এলাকার প্রধান সড়কের ওপর যানবাহনের চাপ কমানোর পাশাপাশি আফতাবনগর ও বনশ্রীর বাসিন্দাদের চলাচল আরও সহজ হবে।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
আফতাবনগর-বনশ্রীতে নতুন সংযোগ, ৩০-৪০ মিনিট সময় বাঁচবে
-
স্টাফ রিপোর্টার: - Update Time : ১১:১৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- ৩১ Time View
Tag :
Popular Post























