রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশা অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ওয়ানস্টপ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে একটি জায়গা থেকেই নকশা অনুমোদনের আবেদন গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।
একই সঙ্গে সরকারি উন্নয়ন প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের অযৌক্তিকভাবে প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানোর প্রবণতা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রকল্পের যৌক্তিকতা যাচাই করা হবে।
সোমবার জাতীয় সংসদ সচিবালয়ে কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, এতদিন রাজউকের নকশা অনুমোদনের জন্য আবেদনকারীদের ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরে যেতে হতো। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমও বাধাগ্রস্ত হয়েছে। এ সমস্যা দূর করতে ওয়ানস্টপ সার্ভিস চালুর প্রস্তাব দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, নকশা অনুমোদনের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে এক জায়গা থেকেই আবেদন গ্রহণ ও দ্রুত অনুমোদনের ব্যবস্থা করা হবে।
সরকারি উন্নয়ন প্রকল্পে ঠিকাদারদের মেয়াদ ও ব্যয় বাড়ানোর বিষয়ে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করতে সংসদীয় কমিটি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও পর্যবেক্ষণ করবে। প্রকল্পের ব্যয় ও মেয়াদ বাড়ানোর যৌক্তিকতা যাচাই করা হবে। কোনো অনিয়ম, অস্বচ্ছতা বা দুর্নীতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আবাসন সংকট ও স্বল্পমূল্যে ফ্ল্যাট নির্মাণ প্রসঙ্গে শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, নগর বিধিমালার কিছু জটিলতার কারণে আবাসন খাতের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) সংক্রান্ত জটিলতায় অনেক ল্যান্ড ডেভেলপার প্রকল্প বাস্তবায়নে সমস্যায় পড়ছেন।
তিনি জানান, বিষয়টি বিশেষজ্ঞদের মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি ড্যাপ বিধিমালা ও নগর গৃহায়ন বিধিমালা প্রণয়নের কাজ চলছে। বিধিমালা প্রণয়নের মাধ্যমে আবাসন খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
অপরিকল্পিত নগরায়ণ বন্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংসদীয় কমিটি। অনুমোদিত নকশা ছাড়া নির্মিত ভবনগুলোর বিষয়ে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করাই কমিটির অন্যতম লক্ষ্য। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে কমিটির সদস্যরা অঙ্গীকারবদ্ধ। মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
রাজউকের সেবায় ওয়ানস্টপ ব্যবস্থা, উন্নয়ন প্রকল্পে নজরদারি বাড়ছে
-
বিশেষ প্রতিনিধি: - Update Time : ০৮:১৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- ৩২ Time View
Tag :
Popular Post























