গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় পাবলিক কবরস্থান ও প্রস্তাবিত মাদ্রাসা-মসজিদের জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রস্তাবিত ওসমান (রা.) কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও স্থানীয় একটি কলেজের সহকারী অধ্যাপক মো. জাহেদুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি জানান, বোনারপাড়ার শিমুলতাইড় এলাকায় পাবলিক কবরস্থান, প্রস্তাবিত মাদ্রাসা ও মসজিদের নামে তিনটি দলিলে মোট ১০৬ শতাংশ জমি দান করা হয়েছে। এর মধ্যে মসজিদের অংশে ৪০টি কংক্রিটের খুঁটি দিয়ে সীমানা নির্ধারণ করা ছিল।
তার অভিযোগ, গত ৭ আগস্ট মির্জা জুলফিকার হায়দার তারেক ও তাঁর সহযোগীরা ৪০-৫০ জন লোক নিয়ে এসে সীমানার খুঁটি উপড়ে ফেলেন। এর মধ্যে ১৮টি খুঁটি নিয়ে যাওয়ার পাশাপাশি জমিতে ধান রোপণের চেষ্টা করা হয়।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে জমিতে ধান রোপণ থেকে বিরত থাকার নির্দেশ দেয়। তবে পুলিশ চলে যাওয়ার পর আবারও দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন জাহেদুল ইসলাম।
তিনি আরও জানান, জমির একটি অংশ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালত শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উভয় পক্ষকে স্ব-স্ব অবস্থানে থাকার নির্দেশ দিলেও প্রতিপক্ষ তা অমান্য করে জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ তাঁর।
এ ঘটনায় সাঘাটা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করছেন থানার এসআই উজ্জ্বল। সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন জাহেদুল ইসলাম।
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সাঘাটায় কবরস্থান-মাদ্রাসার জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন
-
সাঘাটা প্রতিনিধি - Update Time : ০৮:৪৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- ৪১ Time View
Tag :
Popular Post
























