গাইবান্ধার সাদুল্লাপুরে উত্তর দামোদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজের রড চুরি করে রাতের আঁধারে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের নৈশপ্রহরী মমিনুলের সহযোগিতায় মাইদুল, জাহিদসহ কয়েকজন রাতে বিদ্যালয় থেকে নির্মাণকাজে ব্যবহারের জন্য রাখা রড বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
স্থানীয়দের দাবি, রাতের বেলায় বিদ্যালয় থেকে রড বের করে নেওয়ার বিষয়টি তাদের নজরে আসে। এতে ভেস্তে যায় চুরির পরিকল্পনা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলছেন, সরকারি অর্থে পরিচালিত বিদ্যালয়ের নির্মাণকাজের সামগ্রী চুরি বা আত্মসাতের চেষ্টা হয়ে থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত নৈশপ্রহরী মমিনুল, মাইদুল ও জাহিদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে সাদুল্লাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয়দের অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
রানা আহমেদ, বিশেষ প্রতিনিধি 






















