মশিউর রহমান মিঠু
গাইবান্ধাঃ
গাইবান্ধার ফুলছড়ী উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা মো. মাহফুজ সরকার রাকিব তাঁর বিবাহকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানির অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৩১ জুলাই শুক্রবার পারিবারিকভাবে তাঁর বিবাহ সম্পন্ন হয়। এর আগে ৩০ জুলাই রাতে তাঁর শ্বশুর তাঁর অভিভাবকের সঙ্গে ফোনে বিয়ের বিষয়ে আলোচনা করেন। পরে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে কনের বাড়িতে বৈঠক অনুষ্ঠিত হয় এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিয়ের সিদ্ধান্ত হয়। পরদিন শুক্রবার জুমার নামাজের আগে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়।
তিনি আরও দাবি করেন, তাঁর পিতা ও শ্বশুরের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক ও বন্ধুত্ব ছিল এবং সেই সম্পর্কের ধারাবাহিকতায় উভয় পরিবারের সম্মতিতেই এ বিয়ে সম্পন্ন হয়েছে।
সাংবাদিক সম্মেলনে মাহফুজ সরকার রাকিব অভিযোগ করেন, পারিবারিক আলোচনার একটি অংশ গোপনে ভিডিও ধারণ করে তার অংশবিশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়িয়ে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত হওয়া প্রয়োজন এবং এ ঘটনায় তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং মিথ্যা তথ্য প্রচার ও মানহানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সাংবাদিক সম্মেলনের শেষে তিনি দেশবাসী ও গণমাধ্যমকর্মীদের প্রতি যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা ভিডিও প্রচার বা বিশ্বাস না করার আহ্বান জানান এবং গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেন।
Reporter Name 









