দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেট ও ফুটবলের প্রসার, নতুন প্রতিভা অন্বেষণ এবং পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পরিকল্পনা ও দিকনির্দেশনায় আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। এরই অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর অধিনায়ক সম্মেলন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দলের ২০ জন অধিনায়ক, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে টুর্নামেন্টের প্রস্তুতি, খেলার নিয়মাবলি ও প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ক্রিকেট ও ফুটবলের গ্রুপ নির্ধারণে অনুষ্ঠিত হয় লটারি। এ সময় টুর্নামেন্টের আনুষ্ঠানিক জার্সি ও ট্রফি উন্মোচন এবং খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়।
আয়োজকদের তথ্যমতে, এ টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ফ্লাডলাইটের আলোয় ক্রিকেট ও ফুটবল ম্যাচ আয়োজন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলাকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তোলার পাশাপাশি তরুণদের ক্রীড়াচর্চায় উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
টুর্নামেন্টে অংশ নেওয়া ১০টি বিশ্ববিদ্যালয় ক্রিকেট ও ফুটবলের পৃথক বিভাগে দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।
ক্রিকেটের ‘এ’ গ্রুপে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), ইউনিভার্সিটি অব স্কলার্স ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ‘বি’ গ্রুপে খেলবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
ফুটবলের ‘এ’ গ্রুপে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), সোনারগাঁও ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব স্কলার্স।
প্রতিযোগিতায় ক্রিকেট ও ফুটবলের পৃথক বিভাগে চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা করে। আর দুই বিভাগের রানার্সআপ দলের জন্য পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে পাঁচ লাখ টাকা করে।
অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা মো. লিয়াকত হোসেন ও মো. নাজমুল আলম ভূঁইয়া, টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম, অপারেশন্স ম্যানেজার (ফুটবল) সালমান হাসান এবং অপারেশন্স ম্যানেজার (ক্রিকেট) ইকরাম হোসেন রাফি।
প্রধান অতিথির বক্তব্যে মো. ইমরুল হাসান বলেন, ক্রিকেট ও ফুটবল দিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের যাত্রা শুরু হচ্ছে। ভবিষ্যতে আরও বিভিন্ন ক্রীড়া ইভেন্ট যুক্ত করে আয়োজনটিকে বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের নিজেদের দক্ষতা ও সামর্থ্য তুলে ধরার সুযোগ করে দেওয়ার পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনে অবদান রাখার পথ তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বসুন্ধরা গ্রুপের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলায় পৃষ্ঠপোষকতা, বিশ্বমানের ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে গ্রুপটি দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াক্ষেত্রে অবদান রেখে আসছে। উপমহাদেশের অন্যতম বৃহৎ ক্রীড়া অবকাঠামো এবিজি স্পোর্টস সিটি সেই উদ্যোগ ও অঙ্গীকারের প্রতিফলন।
তিনি আরও বলেন, এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পরিকল্পনা ও দিকনির্দেশনায় শুরু হতে যাওয়া এ প্রতিযোগিতা সময়ের সঙ্গে আরও বিস্তৃত ও সমৃদ্ধ হবে। একপর্যায়ে এটি দেশের ক্রীড়াঙ্গনে শক্তিশালী অবস্থান তৈরি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আয়োজক ও অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর অধিনায়কদের প্রত্যাশা, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে দলগত সংহতি, নেতৃত্বের দক্ষতা ও ক্রীড়াসুলভ মনোভাব বিকাশে ভূমিকা রাখবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ের জন্য প্রতিভাবান ক্রিকেটার ও ফুটবলার উঠে আসার পথও সুগম করবে এ আয়োজন।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
১০ বিশ্ববিদ্যালয়, দুই খেলা—জমজমাট লড়াইয়ের অপেক্ষায় এবিজি কাপ
-
স্পোর্টস রিপোর্টার - Update Time : ০৩:৫৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- ২২ Time View
Tag :
Popular Post























