দীর্ঘদিনের নানা সীমাবদ্ধতার পর গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনাকে অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে নিয়ে ব্যক্তি পর্যায়ের আমানত, মুনাফা প্রদান ও স্বাভাবিক লেনদেনের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আবেদুর রহমান সিকদার।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গ্রাহক প্রয়োজনের সময় ব্যবহারের জন্য কষ্টার্জিত অর্থ ব্যাংকে রাখেন। তাই প্রয়োজনের সময় সেই অর্থ দিতে না পারা ব্যাংকারদের জন্যও কষ্টের। এ কারণে গ্রাহকদের স্বাভাবিক লেনদেনের সুযোগ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ব্যাংক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে ব্যক্তি পর্যায়ের সঞ্চয়ী ও চলতি হিসাবের গ্রাহকেরা প্রয়োজন অনুযায়ী অর্থ জমা ও উত্তোলন করতে পারছেন। কোনো গ্রাহক চাইলে তাঁর হিসাবের পুরো স্থিতিও তুলে নিতে পারবেন। পাশাপাশি মাসিক মুনাফাভিত্তিক হিসাবের গ্রাহকদের নিয়মিত মুনাফা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
মেয়াদি আমানত, ডিপিএস ও মাসিক স্কিমের গ্রাহকেরা ব্যাংকের সঙ্গে লেনদেন চালিয়ে যেতে না চাইলে মূল আমানত ফেরত নেওয়ার সুযোগও রাখা হয়েছে। তবে স্বাভাবিক লেনদেনের সুযোগ পাওয়ার পর অনেক গ্রাহক পুরো অর্থ তুলে নেবেন বলে ধারণা করা হলেও বাস্তবে অনেকেই ব্যাংকে অর্থ রেখেই লেনদেন চালিয়ে যেতে আগ্রহ দেখাচ্ছেন বলে জানান এমডি।
তিনি বলেন, নিয়মিত মুনাফা পাওয়ার সুযোগ থাকলে ব্যাংকের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখার কথা জানিয়েছেন অনেক গ্রাহক। দীর্ঘদিনের সীমাবদ্ধতার মধ্যেও যারা ব্যাংকের সঙ্গে ছিলেন, তাঁদের আস্থাকে ভবিষ্যৎ কার্যক্রমের জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখছে ব্যাংক কর্তৃপক্ষ।
এদিকে লেনদেনের সুযোগ বাড়ায় ব্যাংকের কর্মীদের মধ্যেও কাজের আগ্রহ ও আত্মবিশ্বাস বেড়েছে। আগে গ্রাহক শাখায় এলে কীভাবে সেবা দেওয়া হবে, তা নিয়ে কর্মীদের মধ্যে উৎকণ্ঠা থাকলেও এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বাভাবিক পরিবেশ ফিরছে।
প্রবাসী গ্রাহকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছেন আবেদুর রহমান সিকদার। বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা কয়েকজন গ্রাহক ফোন ও বার্তার মাধ্যমে তাঁদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। অনেক প্রবাসী গ্রাহক অর্থ তুলে নেওয়ার পরিবর্তে ব্যাংকের সঙ্গে লেনদেন চালিয়ে যেতে আগ্রহী বলেও জানান তিনি।
ব্যক্তি পর্যায়ের লেনদেন স্বাভাবিক করার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমও ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনা রয়েছে ব্যাংকটির। খুচরা ব্যাংকিং, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং করপোরেট খাতকে গুরুত্ব দিয়ে প্রথম পর্যায়ে পুরোনো ও বিশ্বস্ত গ্রাহকদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরপর নতুন গ্রাহক আকর্ষণের দিকে নজর দেওয়া হবে।
এছাড়া গ্রাহকদের সমন্বিত সেবা দিতে চলতি সেপ্টেম্বরের মধ্যে রাজধানীর গুলশানে একটি মডেল শাখা চালুর পরিকল্পনা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শাখাটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ব্যাংকটির নিজস্ব পরিচয়ে পরিচালিত এই শাখা থেকে আগের পাঁচ ব্যাংকের গ্রাহকেরাও সেবা নিতে পারবেন।
আবেদুর রহমান সিকদার জানান, গুলশানের মডেল শাখাকে ভবিষ্যতে বিভিন্ন শাখা সমন্বয়ের পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। পর্যায়ক্রমে এ ধরনের শাখার সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
বিদ্যমান শাখা, উপশাখা, এটিএম নেটওয়ার্ক ও কর্মীদের সক্ষমতাকে কাজে লাগিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংককে একটি শক্তিশালী ও আধুনিক ব্যাংক হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। প্রযুক্তিনির্ভর ও মানসম্মত ব্যাংকিং সেবা নিশ্চিত করে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চান তারা, যার সঙ্গে লেনদেন করে গ্রাহক এবং কাজ করে কর্মীরা সন্তুষ্ট ও গর্বিত বোধ করবেন।
দীর্ঘদিনের প্রতিকূল পরিস্থিতিতেও ব্যাংকের সঙ্গে থাকা গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এমডি বলেন, তাঁদের আস্থাকে ভিত্তি করেই সম্মিলিত ইসলামী ব্যাংককে একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও গ্রাহকবান্ধব ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করতে চান তারা।
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
এক শাখায় পাঁচ ব্যাংকের গ্রাহকসেবা, গুলশানে মডেল শাখা
-
স্টাফ রিপোর্টার: - Update Time : ১০:২৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- ২০ Time View
Tag :
Popular Post




















