নিজস্ব সংবাদদাতাঃ
“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে ধারণ করে গাইবান্ধায় পূবালী ব্যাংক পিএলসি, পার্ক রোড শাখার উদ্যোগে বাংলা কিউআর (Bangla QR) ভিত্তিক ডিজিটাল পেমেন্ট সচেতনতামূলক কর্মসূচি ও ‘ক্যাশলেস গাইবান্ধা ’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির শুভ উদ্বোধন করেন জনাব মো. আব্দুল করিম, মাননীয় সংসদ সদস্য,গাইবান্ধা -২,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ এস এম রায়হান শামীম, উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান পূবালী ব্যাংক পিএলসি,আঞ্চলিক কার্যালয় বগুড়া,
উপস্থিত ছিলেন জনাব দেওয়ান মোঃ মশিউর রহমান, সহকারী মহাব্যবস্থাপক, বগুড়া আঞ্চলিক কার্যালয় বগুড়া।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, পার্ক রোড গাইবান্ধা শাখার ব্যবস্থাপক জনাব এ বি এম মিজানুর রহমান।
বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে “এক দেশ, এক QR—Bangla QR” উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগের মাধ্যমে গাইবান্ধা কে ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ ক্যাশলেস জোনে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে পূবালী ব্যাংক। বাংলা কিউআরের মাধ্যমে এখন ক্রেতা ও বিক্রেতারা নগদ অর্থ ছাড়াই নিরাপদ, দ্রুত ও সহজ উপায়ে মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে লেনদেন সম্পন্ন করতে পারবেন।
অনুষ্ঠানে স্থানীয় ভোগ্যপণ্য উৎপাদনকারী ইসলাম ফ্লাওয়ার মিল,দুলু এন্ড সন্স এবং বুটিক্স জোন -এর স্টলে বাংলা কিউআরের মাধ্যমে কেনাকাটার প্রক্রিয়া হাতে-কলমে প্রদর্শন করা হয়। বাস্তব এই প্রদর্শনী উপস্থিত অতিথি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল লেনদেনের প্রতি ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া সৃষ্টি করে।
অনুষ্ঠান শেষে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সর্বস্তরের জনগণের মধ্যে ক্যাশলেস লেনদেনের সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর পার্ক সড়ক প্রদক্ষিণ করে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের বার্তা ছড়িয়ে দেয়।
Reporter Name 









