মুশফিকুর রহমান রুম্মন গাইবান্ধাঃ
গাইবান্ধা সদর উপজেলায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ আহত হয়েছেন দুইজন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে উক্ত ঘটনায় ইতোমধ্যে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, বসতবাড়ির সীমানা নিয়ে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বাসাবাড়ী এলাকার মৃত সুমন্ত চন্দ্র দাসের পুত্র শ্রী কালু চন্দ্র দাসের সাথে একই এলাকার প্রতিবেশী মৃত হরিশ চন্দ্র দাসের পুত্র হেমন্ত চন্দ্র দাসের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ৩১.০৫.২০২৬ ইং রাতে হেমন্ত চন্দ্র দাস ও তার সহযোগীরা লাঠি-সোটা এবং দেশীয় অস্ত্রসহ কালু চন্দ্র দাসের বাড়ির সামনে গালিগালাজ করতে থাকে। পরে তাদের গালি-গালাজ করতে বাঁধা নিষেধ করলে হেমন্ত চন্দ্র দাস ও তার সহযোগীরা লাঠি-সোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে শ্রী কালু চন্দ্র দাসের অন্তঃসত্তা স্ত্রী স্বপ্নারানী ও তার ভাতিজা শয়ন কুমার এর উপর এলোপাথারী আঘাত করতে থাকে এবং স্বপ্নারানীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এতে অন্তঃসত্তা স্ত্রী ও শয়ন কুমার এর মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সদর থানায় অফিসার ইনচার্জ জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
Reporter Name 









