গাইবান্ধা প্রতিনিধি:
পবিত্র রমজান মাসেও গাইবান্ধা শহরে থামছে না মাদকদ্রব্য বিক্রি ও সেবন। শহরের কাচারি বাজার এলাকায় গাঁজা, বাংলা মদ ও রেকটিফায়েড স্পিরিটসহ বিভিন্ন মাদক প্রকাশ্যে বিক্রির অভিযোগ উঠেছে। নিয়মিত পুলিশি টহল না থাকায় এসব অপরাধ বাড়ছে বলে মনে করছেন স্থানীয় ভুক্তভোগীরা। একই সঙ্গে এলাকায় চুরির ঘটনাও বৃদ্ধি পেয়েছে।
স্থানীয়রা জানান, কাচারি বাজার এলাকায় একদিকে পুলিশ সুপারের বাসভবন, জেলা প্রশাসকের বাসভবন, অন্যদিকে অফিসার্স ডরমেটরি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবন ও গাইবান্ধা প্রেসক্লাব অবস্থিত। গুরুত্বপূর্ণ এসব স্থাপনা ঘিরে থাকা সত্ত্বেও নিয়মিত টহল চোখে পড়ে না। এ সুযোগে ভ্রাম্যমাণ মাদক বিক্রেতারা জেলা শিল্পকলা একাডেমি ভবনের পেছনের সুইপারপট্টি এলাকায় অবাধে বাংলা মদ, গাঁজা ও অন্যান্য মাদক বিক্রি করছে বলে অভিযোগ।
এলাকাবাসীর দাবি, শুধু স্থানীয় নয়—শহরের বাইর থেকেও অনেকে এসে এখান থেকে মাদক কিনে নিয়ে যায়। এর ফলে মাদকসেবন বাড়ার পাশাপাশি চুরির ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অপরাধ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এদিকে, শনিবার রাতে দুর্বৃত্তরা গাইবান্ধা প্রেসক্লাব-এর বৈদ্যুতিক সংযোগের বিআরবি কেবলসের তামার তার কেটে নিয়ে যায়। এর চার মাস আগেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “পুলিশি টহল বাড়ানো হবে। চুরির লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসী দ্রুত নিয়মিত টহল ও মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
রমজানেও গাইবান্ধার কাচারি বাজারে মাদক বিক্রি, বেড়েছে চুরি
-
Reporter Name - Update Time : ০৪:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- ২৩২ Time View
Tag :
Popular Post










