পূর্বাচল ও আশপাশের এলাকায় অনুমোদনহীনভাবে পরিচালিত চারটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (বিএলডিএ)। সংগঠনটির অভিযোগ, এসব প্রকল্পে অনুমোদন ছাড়াই জমি কেনাবেচা ও প্লট বরাদ্দের কারণে আর্থিক ও আইনি ঝুঁকিতে পড়ছেন সাধারণ ক্রেতারা। পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে পরিকল্পিত নগরায়ণ ও পরিবেশ সংরক্ষণ।
গত ৩১ অক্টোবর বিএলডিএর সচিব এ কে এম নওশেরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পূর্বাচল ও আশপাশের এলাকায় পরিচালিত ওয়েল কেয়ার হাউজিং, লন্ডন হাউজিং, এলেস্ট টাউন ও আনন্দ হাউজিং—এই চারটি আবাসন প্রকল্পকে অনুমোদনহীন ও অবৈধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিএলডিএর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র ছাড়াই এসব প্রকল্পে জমি কেনাবেচা, প্লট বরাদ্দ এবং ভূমি উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে সাধারণ ক্রেতারা বড় ধরনের আর্থিক ক্ষতি ও আইনি জটিলতার মুখে পড়তে পারেন।
সংগঠনটির মতে, এ ধরনের অনিয়ন্ত্রিত কার্যক্রম সরকারের পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সংরক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগকে বাধাগ্রস্ত করছে। একই সঙ্গে আইন মেনে ব্যবসা পরিচালনাকারী বৈধ আবাসন প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার শিকার হচ্ছে। এতে আবাসন খাতের প্রতি ক্রেতাদের আস্থাও কমছে।
এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
দাবিগুলোর মধ্যে রয়েছে—অনুমোদনহীন আবাসন প্রকল্প চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অবৈধ প্লট বিক্রি ও বরাদ্দ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা, সাধারণ ক্রেতাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা, বৈধ আবাসন প্রতিষ্ঠানগুলোর জন্য সমান ব্যবসায়িক সুযোগ তৈরি এবং পূর্বাচল ও আশপাশের এলাকায় পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত তদারকি জোরদার করা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবাসন খাতে শৃঙ্খলা বজায় রাখতে আইন মেনে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর বিকাশের পাশাপাশি অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ করা জরুরি। পরিকল্পিত, নিরাপদ ও আইনসম্মত আবাসন খাত গড়ে তুলতে সরকারের ইতিবাচক উদ্যোগে সহযোগিতা দিতেও প্রস্তুত রয়েছে বিএলডিএ।
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পূর্বাচলে চার আবাসন প্রকল্পের বিরুদ্ধে ব্যবস্থা চায় বিএলডিএ
-
স্টাফ রিপোর্টার: - Update Time : ০৬:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- ১৩ Time View
Tag :











