অর্থনৈতিক স্বাবলম্বিতা ও সৃজনশীলতায় এগিয়ে যাচ্ছেন গাইবান্ধার নারীরা। নারী উদ্যোক্তাদের সাফল্য উদযাপন এবং নতুন উদ্যোক্তা তৈরির প্রত্যয়ে জেলায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘নারী উদ্যোক্তা দিবস।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাদ মাগরিব গাইবান্ধা শহরের একোয়েস্টেডপাড়ায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব), গাইবান্ধা জেলা শাখার নারী উদ্যোক্তা কাউন্সিল এ অনুষ্ঠানের আয়োজন করে।
নারী উদ্যোক্তা কাউন্সিলের সভাপতি মাহবুবা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, স্থানীয় অর্থনীতিতে নারী উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সেলাই, নকশিকাঁথা, মৃৎশিল্প ও অনলাইন ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ছে। তবে নারী উদ্যোক্তাদের আরও এগিয়ে নিতে সহজ শর্তে ঋণ, যুগোপযোগী প্রশিক্ষণ এবং সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো প্রয়োজন।
বক্তারা নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, পণ্যের মানোন্নয়ন এবং উদ্যোক্তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে গাইবান্ধার বিভিন্ন উপজেলা থেকে আসা সফল নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। তাদের অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
গাইবান্ধা প্রতিনিধি 





















