গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নির্দেশনায় পরিদর্শক জুয়েল ইসলামের নেতৃত্বে একটি রেইডিং টিম প্রথমে সন্দেহভাজন একটি সাদা প্রাইভেটকারে তল্লাশি চালায়। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামির নিজ বসতঘরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বসতঘরের উত্তর পাশের একটি কক্ষে রাখা পারটেক্স ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে পলিথিনে মোড়ানো ১৫ (পনের) গ্রাম হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলেই অভিযুক্তকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম রাসেল শেখ (৩৬)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি শাহাপুর গ্রামের মৃত নুরুল ইসলাম ও আনজুমান আরা বেওয়ার ছেলে।
অভিযানের পর বিধি মোতাবেক জব্দতালিকা প্রস্তুত, সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ, আলামতের ০.৫ গ্রাম নমুনা সংগ্রহ এবং তা সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, আসামি বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসতঘরে অবৈধ মাদকদ্রব্য সংরক্ষণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(খ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আরও জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
Reporter Name 









